মঞ্চে প্রতিমন্ত্রী, বিধিনিষেধ ভেঙে আশুলিয়ায় আ. লীগের সম্মেলন
করোনা সংক্রমণ রোধে সব ধরনের জনসমাবেশ বন্ধ রাখার সরকারি বিধিনিষেধ অমান্য করে সাভারের আশুলিয়ায় কয়েক হাজার মানুষ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন।
তৈয়বপুর মাঠ এলাকায় আয়োজিত বিশাল এ সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শুরু হওয়া প্রায় ৪ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে মিছিল নিয়ে দলে দলে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব তো দূরের কথা, তাদের অধিকাংশের মুখে মাস্ক পর্যন্ত দেখা যায়নি। তারা মিছিলে যেমন গাদাগাদি করে আসেন, বসার সময়ও গাদাগাদি করে রাখা আসনে বসেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাশাপাশি আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বক্তব্য দেন। এ সময় আগামী ৩ বছরের জন্য মুজিবর রহমান শাহেদকে সভাপতি ও মুসাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটি করা হয়।
সংক্রমণের ঊর্ধগতির মধ্যে এত বড় সমাবেশ আয়োজনের বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, 'আজকে সাভারে কোভিড শনাক্তের হার ৫০ শতাংশ, যা খুবই উদ্বেগজনক। কোনো পাবলিক সমাবেশ করতে হলে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে করার নির্দেশনা আছে। যদি আমরা সচেতন না হই, তাহলে করোনা পরিস্থিতি আরো প্রকট আকার ধারণ করবে।'
জানতে চাইলে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনুষ্ঠানটি পূর্বঘোষিত ছিল। সে কারণে এই বিধিনিষেধেও আমরা অনুষ্ঠানটি বন্ধ রাখতে পারিনি।'
তবে স্বাস্থ্যবিধি মেনে ২০০ মানুষ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, 'প্রজ্ঞাপনে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নতুন করে নিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১০০ জনের বেশি মানুষ নিয়ে কোনো সমাবেশ করা নিষিদ্ধ। এত লোক নিয়ে এই ধরনের সমাবেশ করার কথা না।'
প্রতিমন্ত্রী ও স্থানীয় থানা পুলিশের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।