মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে, ১৭ নাগরিকের উদ্বেগ

স্টার অনলাইন রিপোর্ট

কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে আন্দোলন করায় সৈয়দা রত্না ও তার ছেলে প্রিয়াংশুকে থানায় নিয়ে আটকে রাখার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ১৭ নাগরিক।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, প্রশ্ন জাগে কেন প্রকার প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদকারীকে এদেশে গ্রেপ্তার হতে হয়। এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন—আব্দুল গাফ্ফার চৌধুরি, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারোওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ ও হারুণ হাবীব।

মাঠটি শিশু কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, আমরা কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ হিসেবেই দেখতে চাই। কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোন জায়গা খুঁজে ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছি।

তারা আরও বলেন, 'পুলিশ সৈয়দা রত্না ও প্রিয়াংশু আন্দোলন থেকে সরে আসবে এরকম মুচলেকায় ন্যাক্কারজনক ভাবে স্বাক্ষর নিয়ে তাদের মুক্তি দিয়েছে বলে আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি। আমরা এই হীন মুচলেকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও একই সঙ্গে তা প্রত্যাহারের দাবি জানাই।'

সাহসী সামাজিক আন্দোলন তৈরি করায় মা-ছেলেকে অভিবাদন জানিয়ে তারা বলেন, 'ঢাকাসহ দেশের সকল শহরে শিশু কিশোরদের পরিপূর্ণ বিকাশের উপযুক্ত মাঠ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্থানের অপ্রতুলতার কথা সরকার ও প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়ে এর আশু সমাধানের দাবি জানাই।'