মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্য: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা, চাঁদপুরে বিক্ষোভ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
দ্য ডেইলি স্টারের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, পাবনার সংবাদদাতারা এসব খবর পাঠিয়েছেন।
নারায়ণগঞ্জ
মহানবীকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই বহিষ্কৃত নেতার মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে অস্থায়ী মঞ্চ করে 'নারায়ণগঞ্জ উলামা পরিষদের' ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, 'জাতীয় সংসদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব জানাতে হবে। ভারত সরকার এর বিচার না করলে বাংলাদেশে ভারতের দূতাবাস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।'
এর আগে জুম্মার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে জড়ো হয়।
সমাবেশ শেষে মসজিদের সামনে থেকে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আবার মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মুন্সিগঞ্জ
ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতার মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন।
বিক্ষোভে অংশ নিতে আজ শুক্রবার দুপুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জড়ো হয়।
এ সময় ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, '৯২ শতাংশ মুসলিমের দেশ বাংলাদেশ। সরকারকে বলতে চাইব, চলতি অধিবেশনে সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেন। পাশাপাশি ভারতীয় হাইকমিশনারকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন, কেন আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে।'
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
মানিকগঞ্জ
একই ইস্যুতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার সকালে জেলা শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য মুসলিম ওম্মাহ মেনে নিতে পারে না এবং মানবেও না।'
পাবনা
পাবনায় শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ট্রাফিক মোড় পয়েন্ট থেকে কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল বের করেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন পাবনার সভাপতি আরিফ বিল্লাহ বলেন, 'বিজেপি নেতার মন্তব্যে শুধু আমাদের নবীর অবমাননাই হয়নি বরং বিশ্বের সব মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। যারা আমাদের নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে আমরা তাদের শাস্তি চাই।'
জেলার বিভিন্ন উপজেলায়ও পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর
চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ দুপুরের নামাজের পর শহরের শপথ চত্বর থেকে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় শহরের শপথ চত্বরে মাওলানা মহবুবুর রহমানের নেতৃত্বে চাঁদপুর জেলা কওমি সংগঠন, বিকেল ৪টায় একই স্থান থেকে মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শাখাসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও মুসল্লিরা অংশ নেন। পরে পুলিশি নিরাপত্তায় তারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।