‘মানবতার মহানায়ক’ আখ্যা দিয়ে সচিবের পক্ষে মাঠে নামলেন আ. লীগ নেতারা
পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে তার পক্ষে মাঠে নেমেছেন কক্সবাজার আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন তারা।
গতকাল সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'সচেতন কক্সবাজারবাসী'র নামে এ মানববন্ধন ও কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ স্থানীয় নেতা-কর্মীরা।
গত রোববার একটি জাতীয় পত্রিকায় কক্সবাজারের পেচারদ্বীপ এলাকায় সমুদ্রের ভাঙনের মুখে থাকা বাসিন্দাদের কাছ থেকে জরুরিভিত্তিতে বাঁধ নির্মাণের আবেদন নিয়ে নিজের রিসোর্টের পাশে সে বাঁধ নির্মাণের অভিযোগ আনা হয় কবির বিন আনোয়ারের বিরুদ্ধে।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, পাউবো'র ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মূলত 'সচেতন কক্সবাজারবাসী'র নামে এ কর্মসূচির আয়োজন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুরুশকুল, নানিয়ারচরা, সমিতাপাড়া, কুতুবদিয়াপাড়া ও লাইটহাউজ এলাকা থেকে নিম্নআয়ের মানুষদের আনা হয় মানববন্ধনে। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় নানা বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড। কর্মসূচির ব্যানারে কবির বিন আনোয়ারকে 'মানবতার মহানায়ক' আখ্যা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে পাউবো'র ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ৩টি নম্বরে কল দিলেও তিনি ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামও প্রথমে ফোন ধরেননি। পরে আজ মঙ্গলবার তিনি জানান, এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন। আজ আর কিছু বলতে চান না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কক্সবাজার চ্যাপ্টারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'এটা নজিরবিহীন ঘটনা। একজন সচিবকে কক্সবাজারের অবতার হিসেবে, মানবতার মহানায়ক হিসেবে দেখানো হচ্ছে।'
'পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়ে অনেক অভিযোগ আছে। কক্সবাজারে তাদের কাজে যে দুর্নীতি হয়েছে, সেটার বেনিফিশিয়ারি হিসেবে যারা মাবনবন্ধন করেছেন তাদেরকে আমরা জানি। তাদেরকে ধন্যবাদ দিই অন্তত তারা আড়াল থেকে বের হয়ে এসে নিজেদের প্রকাশ্যে এনেছেন', যোগ করেন তিনি।