মানিকগঞ্জে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের (৫০) মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে এক প্রতিবেশীর বাড়ির পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফরহাদ হোসেন বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের মৃত দারোগালীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন। রাতে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ৮টার দিকে এক প্রতিবেশীর বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কেন তাকে হত্যা করা হলো এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।