মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গণভবন পর্যন্ত সোহেল তাজের পদযাত্রা রোববার

স্টার অনলাইন রিপোর্ট

তিনটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি আজ এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন।

আগামী রোববার বিকেল ৪টায় পদযাত্রা শুরুর ঘোষণা দিয়ে সোহেল তাজ লিখেছেন, কেউ চাইলে তার সঙ্গে পদযাত্রায় সামিল হতে পারেন। কেউ যুক্ত না হলেও তিনি একাই পদযাত্রা করবেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফেসবুকের এই পোস্টে সোহেল তাজ ৩টি দাবির কথা উল্লেখ করেছেন।

দাবিগুলো হলো: ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ায় দিনটিকে 'প্রজাতন্ত্র দিবস' ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।