মিরপুর ও আজমপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর মিরপুরে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লি. এর শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-১১ তে প্রায় তিন শ শ্রমিক বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, তিন মাসের বেতন ও বোনাস বকেয়া রেখে গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। বকেয়া আদায়ের জন্য আমরা বাধ্য হয়ে পথে নেমেছি।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা নিয়ে আলোচনার জন্য পুলিশ ওই গার্মেন্টস কারখানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি।
এদিকে আজমপুর এলাকায় দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইনট্রাকো ডিজাইন লি. ও ইন্ট্রাকো ফ্যাশন লি. এর ছয়-সাত শ শ্রমিক উত্তরা-আজমপুর রাস্তা অবরোধ করেন। শ্রমিকরা জানান, গত মার্চ ও এপ্রিলের বেতন-বোনাসের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
এ ব্যাপারে দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকরা সড়ক অবরোধে রাস্তায় যানজট তৈরি হয়েছিল। শ্রমিকদের পাওনা পরিশোধে পুলিশ বিজিএমইএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।