মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২
মুন্সিগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন— আসাদ (৪৫) ও রবিউল ইসলাম (২২)।
আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মামুন ও আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ সকালে তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব বাধে। সেসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বশাক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ৬টায় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের গায়ে শটগানের গুলি লেগেছে। আহতদের মধ্যে রবিউলের অবস্থা বেশি আশঙ্কাজনক।'
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'মামুন ও আহমদ গ্রুপের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।'
এ বিষয়ে জানতে মামুন ও আহমদের নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।