মুন্সিগঞ্জে ১০ কিলোমিটার দ্বিতল সড়ক নির্মাণ করবে চীনা কোম্পানি
মুন্সিগঞ্জে পঞ্চবটি থেকে মুক্তাপুর সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দ্বিতল সড়ক নির্মাণ করবে চীনের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি।
আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে। চীনের শ্যানডং ইউকিও গ্রুপ ও চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপের জয়ন্ট ভেঞ্চার ২০২৫ সালের জুন মাসের মধ্যে সড়কটি নির্মাণ করবে।
মুক্তারপুর থেকে পঞ্চবটির মধ্যে সড়কের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে ১০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। বাকি ৯ দশমিক ০৬ কিলোমিটার অংশে দোতলা সড়ক নির্মাণ করা হবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের সচিব শামসুল আরেফিন দোতলা সড়কটি সম্পর্কে বলেন, 'আমাদের দেশে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে তার একটা ছোট ফর্ম বলতে পারেন।'
তিনি বলেন, 'সেখানে এখন যে সড়ক আছে তা খুব সংকীর্ণ। ওই এলাকায় অনেক শিল্প কারখানাও আছে। জমি অধিগ্রহণ করে সড়ক প্রশস্ত করার চেয়ে দোতলা সড়ক নির্মাণে কম খরচ হবে। এ কারণে প্রায় ২০ কিলোমিটার সড়কের অর্ধেক দোতলা করা হবে।'
পুরো প্রকল্পের খরচ ২ হাজার ২৪২ কোটি টাকা হবে বলে তিনি জানান।