মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সার মারা গেছেন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার (৮৫) মারা গেছেন।
কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে শুক্রবার সকালে তিনি মারা যান।
তার আইনজীবী এস এম শাহজাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ কায়সারের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান আইনজীবী। তবে তার বার্ধক্যজনিত জটিলতা ছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, যুদ্ধাপরাধের মামলায় কায়সারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
অ্যাডভোকেট শাহজাহান বলেন, 'কায়সারের মৃত্যুর বিষয়টি আদালতকে জানানোর পর, সর্বোচ্চ আদালত প্রয়োজনীয় আদেশ দেবেন।'
মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, হত্যা ও ধর্ষণের অভিযোগে সৈয়দ মোহাম্মদ কায়সারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মৃত্যুদণ্ডের রায় ২০২০ সালের ১৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকে। পরে ওই বছর ২৯ অক্টোবর রায়ের বিরুদ্ধে রিভিউ আপিল করেন তিনি।
তিনি যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন, রিভিউ পিটিশনে সেগুলো থেকে তিনি খালাস চান।