যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে: আইনমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

গত ৫০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হয়েছে এবং আগামী ৫০ বছরে সেই সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে তা নিয়ে আগেভাগেই আলোচনা করার বিষয়টি নিয়েও কথা হয়েছে।

'আমরা চাই না দেশ দুটির মধ্যে সম্পর্ক আটকে থাকুক,' যোগ করেন তিনি।

মানবপাচার রোধ ও সাইবার ট্রাইব্যুনাল নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে আইনমন্ত্রী জানান।