রংপুরে ধর্মঘট প্রত্যাহার, ৩ দিন পর ঢাকাগামী বাস চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ফলে ৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেন শ্রমিকরা।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি বলেন, 'রংপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ থাকার বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মালিক ও শ্রমিকপক্ষের দাবি-দাওয়া বিষয়ে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।'

বৈঠকে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবু বকর সিদ্দীক, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, বিআরটিএ'র সহকারী পরিচালক ফারুক আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও মালিকপক্ষের নেতারা অংশ নেন।

বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের নেতাদের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই গত মঙ্গলবার ভোর ৬টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। ফলে যাত্রীরা চমর দুর্ভোগে পড়েন।