রাজধানীতে আজও তীব্র যানজট, দুর্ভোগ

স্টার অনলাইন রিপোর্ট

শিক্ষার্থীদের পুরোদমে ক্লাস শুরু হওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো তীব্র যানজটের কারণে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হয়েছেন রাজধানীবাসী।

রাজধানীর ধানমন্ডি, গাবতলী, মতিঝিল, মুগদা, মিরপুর, উত্তরা, শাহবাগসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।

গতকালের মতো আজ বুধবার সকালেও পরিস্থিতি ভয়াবহ ছিল এবং স্কুল ও অফিসগামীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

জাহিদ করিম সকাল ১১টার দিকে মিরপুর-১ থেকে কলাবাগান এলাকায় যাওয়ার জন্য বাসে ওঠেন। দুপুর ১টার দিকে তিনি আসাদ গেটে পৌঁছেন। এ সময় বাসের মধ্যে তাকে ঘুমাতে দেখা যায়।

272159387_280972004207768_4631739390198610745_n.jpg
ছবি: প্রবীর দাশ

তিনি দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক প্রবীর দাশকে বলেন, 'যে যানজট তাতে আমার গন্তব্যে পৌঁছাতে আরও সময় লাগবে তাই ঘুমাচ্ছিলাম।'

যানজট সম্পর্কে জানতে চাইলে বাসের সহকারী ফারুক বিরক্তি প্রকাশ করেন।

তিনি বলেন, 'গতকাল থেকে সব স্কুল খোলার পর পরিস্থিতি ভয়াবহ। আমাদের গাড়ির চাকা ঘুরেছে না। অনেকক্ষণ সিগনালে আটকে থাকতে হচ্ছে।'

275369957_669431254401516_7381870372319832706_n.jpg
ছবি: প্রবীর দাশ

বেসরকারি চাকরিজীবী এনাম হোসেন সাধারণত মুগদার বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে করে ফার্মগেটে অফিসে যান।

গতকালের অভিজ্ঞতা বিবেচনা করে, তিনি প্রথমে একটি বাসে ওঠেন এবং পরে আরও ২টি পরিবহন পরিবর্তন করেন। অবশেষে হেঁটেই অফিসে পৌঁছান।

যানজটে গাড়ি আটকে থাকায় অনেক অভিভাবককে তাদের গাড়ি রেখে রিকশায় করে তাদের সন্তানদের স্কুল থেকে নিয়ে যেতে দেখা গেছে।