রাজশাহী রেলস্টেশনে ঢাবি শিক্ষার্থী রনির কর্মসূচি
টিকেট কালোবাজারিসহ রেলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গণসংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
আজ শুক্রবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তিনি এই সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল ৩ টার পর মহিউদ্দিন রনি তার সহযোগীদের নিয়ে রাজশাহী স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেওয়া লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরম সম্পর্কে নাগরিকদের সচেতন করেন তিনি।
মহিউদ্দিন রনি জানান, রেলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জনসচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে তিনি ঢাকায় রেল কর্তৃপক্ষের নানা প্রতিবন্ধকতার শিকার হলেও রাজশাহী রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চলের রেল কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছেন।
শুক্রবার তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার।
এক সাক্ষাৎকারে পশ্চিমাঞ্চল রেলের জিএম জানান, মহিউদ্দিন রনির যে ৬ দফা দাবি তার সঙ্গে পশ্চিমাঞ্চল রেল একমত।
পশ্চিমাঞ্চল রেলের জিএম এর নামে একটি ফেসবুক পেজ খোলা আছে সেখানে যে কেউ তথ্যপ্রমাণসহ অভিযোগ করলে পশ্চিমাঞ্চল রেল তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
কর্মসূচি শেষে মহিউদ্দিন তার সহযোগীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পদ্মা ট্রেনে করে রাজশাহী ত্যাগ করেন।