‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্ক বাংলাদেশের পাশে আছে’

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

বাংলাদেশ সফররত তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়, তুরস্কও বাংলাদেশের পাশে আছে।

আজ শনিবার সকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ৫০ শয্যার তুর্কি ফিল্ড হাসপাতালের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানও বক্তব্য রাখেন।

উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ হাসপাতাল উদ্বোধন করেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী। তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার এ ফিল্ড হাসপাতাল গত বছরের ২২ মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। এখন এটি পুনর্নিমাণ করা হয়েছে।

ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্যে নির্মানাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর তিনি ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেডক্রিসেন্ট পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, তুরস্কের বেসরকারি উন্নয়ন সংস্থা দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের তৈরি করা সাবান কারখানা পরিদর্শন করেন।

এর আগে শনিবার সকাল ৮টায় তুরস্কের ইস্তাম্বুল থেকে বিশেষ উড়োজাহাজে সরাসরি কক্সবাজারে এসে পৌঁছান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।