লালমনিরহাটে পরিবহন শ্রমিকদের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাট শহরে আধিপত্য বিস্তার নিয়ে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ২ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
 
আজ মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আমিরুল-বুলবুল গ্রুপের সঙ্গে মুন্না-বাপ্পি গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে শ্রমিকনেতা বুলবুল আহমেদসহ উভয় পক্ষের ৫ শ্রমিক আহত হন। পরে আমিরুল-বুলবুল সমর্থকরা এয়ারপোর্টে রোডে মুন্না-বাপ্পি গ্রুপ সমর্থকদের ৩টি বাস কাউন্টার ভাঙচুর করে। 

এরপর মঙ্গলবার সন্ধ্যায় আবারও আমিরুল-বুলবুল গ্রুপের সমর্থকরা শহরের মিশন মোড়ে কয়েকটি বাস ভাঙচুর করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর বিক্ষোভ করতে থাকেন। 

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এ বিষেয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, পরিবহন শ্রমিকদের নিজেদের দ্বদ্বে যদি জনদুর্ভোগ তৈরি হয় তাহলে কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না। 

তিনি আরও বলেন, 'রাস্তার ওপর যারা অরাজকতা তৈরি করবে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।'