লালমনিরহাটে শীতের কষ্ট বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

একে হাড়কাঁপানো শীত। তার ওপর শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি উত্তরের জনপদ লালমনিরহাটের বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা।

মৌসুমের শুরুতে শীতের তেমন প্রকোপ না থাকলেও, মাঘ মাসের মাঝামাঝি সময়ে এসে হিমালয় থেকে আসা শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের জনজীবন এক প্রকার বিপর্যস্ত ছিল। এখন বৃষ্টি শুরু হওয়ায় জেলার দুস্থ ব্যক্তিরা আরও বেশি দিশেহারা হয়ে পড়েছেন। তাদের জন্য ঘর থেকে বাইরে বের হওয়াটাই দুষ্কর হয়ে পড়েছে। মাঠে যেতে পারছেন না কৃষি শ্রমিকরা।

লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপ্টানা গ্রামের কৃষক জালাল মিয়া (৫৮) দ্য ডেইলি স্টারকে জানান, সকালে সকালে হিমেল বাতাস উপক্ষা করে মাঠে গেলেও বৃষ্টির কারণে আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন তিনি। বলেন, 'সময়মতো বোরো বীজতলা তৈরি করতে না পারলে ক্ষতির মুখে পড়তে হবে।'

একই গ্রামের দিনমজুর মোসলেম উদ্দিনকেও (৫০) বৃষ্টির কারণে ঘরে বসে থাকতে হচ্ছে। তিনি জানান, হিমেল বাতাসের সঙ্গে শুরু হওয়া বৃষ্টির কারণে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না তিনি।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান বলেন, 'শুক্রবার সকাল ৯ টায় এখানে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিন্তু হিমেল বাতাস আর বৃষ্টি থাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।'

এ ছাড়া কুড়িগ্রামেও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।