লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
টাঙ্গাইলের মধুপুরে ঘনঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল অফিসে এ ঘটনা ঘটে।
এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে অফিস থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, গত দু'মাস ধরে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না মধুপুরের মানুষ। এর মধ্যে রমজানের শুরুতেই এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে।
তারা বলেন, গতকাল রাত থেকে টানা ১০ ঘণ্টা মধুপুর শহর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই মধ্যে মধুপুর কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে কিছু মানুষ যোগ দিয়ে মিছিল শেষে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিক্ষোভ করে এবং অফিসের কিছু আসবাবপত্র ভাঙচুর করে। তারা অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানায়।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুর জোনাল অফিসের ডিজিএম আবু মোহাম্মদ ইয়াহিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মধুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গ্যাসের প্রেশার কম থাকায় জেনারেশন প্লান্টগুলোতে যাওয়ায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। যার পরিপ্রেক্ষিতে বিদ্যুতের বরাদ্দ কমে যাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।'
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বলেন, 'বিদ্যুৎ অফিসের খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'