শহীদ মিনার ছুঁয়ে জানল ইতিহাস, ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা

স্টার অনলাইন রিপোর্ট

প্রথমবারের মতো দেশে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নির্মিত হয়েছে শহীদ মিনার। রাজধানীর মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে ফ্রেশ সিমেন্টের উদ্যোগে স্থাপিত এই বিশেষ শহীদ মিনারে গতকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারটির দেয়ালে ব্রেইলে খোদাই করা আছে, ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির কিছু অংশ।

aph_7768.jpg
রাজধানীর মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিশেষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: সংগৃহীত

ফ্রেশ সিমেন্ট-এর পক্ষ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন এবং কথাসাহিত্যিক আনিসুল হক, স্কুলের দৃষ্টিশক্তিহীন ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা না থাকায়, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা এ দিনটিতে শহীদ মিনারে যেতে পারতেন না। বিশেষ শহীদ মিনারটির কারণে এবার তাদের সেই ইচ্ছা বাস্তবে রূপ লাভ করেছে। এখন থেকে তারাও নিরাপদে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন। এই শহীদ মিনার নির্মাণ সমাজের প্রতি দায়বদ্ধতারই অংশ।

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম-এর তত্ত্বাবধানে এবং শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় অনুষ্ঠানটি করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয়েছে।