শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহজালাল জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলরের (ভিসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বন্দর শহরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে চবির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম বলেন, 'অবিলম্বে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চাই। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।'

বিক্ষোভকারীরা শাবিপ্রবির শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

আজকের বিক্ষোভে ৪০ জনেরও বেশি শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা চেরাগী পাহাড় মোড় থেকে আন্দারকিল্লার দিকে একটি প্রতিবাদ মিছিল করে।