শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষার্থীদের আলোচনা শুরু

নিজস্ব সংবাদদাতা, সিলেট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বৈঠকে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল।

আজ শুক্রবার দুপুর দেড়টায় বৈঠক শুরুর কথা থাকলেও বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে শিক্ষার্থীদের পক্ষে অংশগ্রহণ করছেন মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম, মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।

বৈঠকে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব ফেরদৌস আহমেদ উপস্থিতি আছেন।

আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনকারীদের মুখপাত্র শাহরিয়ার আবেদীন বলেন, 'শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তুর মাঝে রয়েছে উপাচার্যের পদত্যাগ এবং ক্লাস-পরীক্ষা চালু।'

এ ছাড়া, শিক্ষার্থীদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার, গুরুতর আহত সজল কুণ্ডুর জন্য এককালীন অর্থনৈতিক সহায়তা ও নবম গ্রেডের চাকরি নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্রি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ ইত্যাদি।

শাবিপ্রবির সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মানিত করার বিষয়টিও প্রস্তাবনায় থাকছে বলে জানান তিনি।