ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে ঈদুল ফিতরের ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টা এবং শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দ্বিতীয় জামাত পরিচালনা করবেন মসজিদের ইমাম ও খতিব হেলাল উদ্দিন এবং শেষ জামাত পরিচালনা করবেন বাগেরহাটের সিংগাইর জামে মসজিদের ইমাম মোজাহিদুল ইসলাম।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

ঈদ কবে জানা যাবে রোববার

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।