‘সংক্রমণ কমছে, আশা করি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব’
করোনাভাইরাস সংক্রমণ কমে আসছে এবং দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়কালে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'প্যান্ডেমিকের (মহামারি) মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিতে চাই। ইনফেকশন (সংক্রমণ) কমছে, কাজেই আশা করি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।'
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষামন্ত্রী আজ সকালে সিলেট এসে পৌঁছেছেন।
বিকেল সাড়ে ৩টায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে শাবিপ্রবি ক্যাম্পাসে যাবেন শিক্ষামন্ত্রী। এর আগে, দুপুর দেড়টায় সার্কিট হাউজে শিক্ষার্থীদের ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।