সংবাদপত্রের পাতায় নিজেকে দেখে আপ্লুত সাবেকুন্নেসা
সাবেকুন্নেসাকে ৮৫ বছর বয়সে এসেও জীবনধারণের জন্য আবর্জনার স্তূপ থেকে লোহার টুকরো কুড়াতে হয়। বিধবা এই মায়ের দেখাশোনা করেন না সন্তানেরা। দ্য ডেইলি স্টারের প্রথম পাতায় নিজের ছবি দেখে শুধু অবাক নয়, খুশিও হলেন তিনি।
গত ২৯ জানুয়ারি ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতায় তার ছবি ছাপা হয়েছিল। আজ সোমবার পত্রিকার ফটোগ্রাফার আনিসুর রহমান তার একটি কপি নিয়ে রাজধানীর হাজারীবাগ এলাকায় সাবেকুন্নেসার সঙ্গে দেখা করতে যান।
পত্রিকায় নিজের ছবি দেখে বৃদ্ধার ঠোঁটে যে হাসি দেখা গেল, তা সত্যিই অমূল্য। বিস্মিত চোখ দিয়ে বুঝিয়ে দিলেন যে কীভাবে পত্রিকায় এ ছবি এলো, সে বিষয়ে তার কোনো ধারণাই নেই।
দ্য ডেইলি স্টারের ফটোগ্রাফারের সঙ্গে কথোপকথনের সময় সাবেকুন্নেসা আর্থিক সহায়তার অনুরোধ করেন। তিনি জানান, সবার কাছে যদি এই বার্তা পৌঁছে দেওয়া যায়, তবে এই বয়সে এসে তাকে এত কষ্ট করতে হয় না।
তিনি জানান, তার ২ ছেলে ও ১ মেয়ে আছে। তাদের অবস্থাও ভালো নয়। তাই তারা কেউই মায়ের দেখাশোনা করতে পারছে না।
বৃদ্ধা সাবেকুন্নেসা ডাম্পিং গ্রাউন্ড থেকে লোহার টুকরো সংগ্রহ করেন এবং প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি করেন।
ফটোগ্রাফার আনিসুর রহমান সম্প্রতি ঢাকার হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে ছবিটি তুলেছিছেন।