‘সবার জন্য পুষ্টি নিশ্চিতে প্রয়োজন বহুখাতভিত্তিক সমন্বয়’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে নারী ও শিশুসহ সবার পুষ্টি নিশ্চিত করতে কার্যকর ও বহুখাতভিত্তিক সমন্বয় প্রয়োজন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'নিউট্রিশন গভর্নেন্স ইন বাংলাদেশ: লার্নিংস, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড' শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিল (বিএনএনসি) ও কর্ডএইড যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, বহুক্ষেত্র ও বহুস্তরযুক্ত সমন্বিত পুষ্টি কার্যক্রমে সব বিভাগের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সবার জন্য কার্যকর পুষ্টি নিশ্চিত করতে পদ্ধতিগত সমন্বয় এবং প্রযুক্তিগত সহায়তার তাগিদ দেন তারা।
তারা আরও বলেন, যখন সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও বেসরকারি খাত তাদের দক্ষতা ও সম্ভাবনা সমন্বয় করে, তখন একটি দেশের অপুষ্টির সূচক নির্ধারণের মাধ্যমে সব স্তরে পুষ্টি নিশ্চিত করা সহজ হয়।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর এস এম মুস্তাফিজুর রহমান, কর্ডএইডের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সাকেব নবী, ইউরোপীয় ইউনিয়নের এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের টিম লিডার হ্যান্স ল্যামব্রেখট ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক জুবাইদা নাসরীন।