‘সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের মুনাফার জন্য তেল ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে’
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
তিনি বলেন, 'জ্বালানি তেল, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের জন্য দুঃসহ ভোগান্তি তৈরি হয়েছে। বিএনপি মনে করে, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে।'
'আমরা অবিলম্বে ভোক্তা পর্যায়ে এইসব পণ্যের মূল্য হ্রাস করে, বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিল করে তা পূর্বের মূল্যে স্থির করার দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণের সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।'
মির্জা ফখরুল বলেন, 'বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তাদের সব অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আড়াল করার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।'
'সভায় এই ধরনের বেআইনি কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানানো হয়', যোগ করেন তিনি।
বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় সেনাসদস্য ও কর্মকর্তাসহ ৩ জনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলে হামলা ও মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানান বিএনপি মহাসচিব।
মোবাইল ইন্টারনেটের ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সভায় বলা হয়, 'স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স' এর ২০২১ সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম হওয়ায় চরম হতাশা প্রকাশ করা হয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসাড় তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়ম্বর ও দুর্নীতির জন্যই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জনগণকে মোবাইল ইন্টারনেটের গতি বাড়ানোর সেবা প্রদান করতে।