সাঁওতাল পল্লীতে ইপিজেড নির্মাণের প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মের সাঁওতাল পল্লীর জমিতে ইপিজেড নির্মাণের প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন সাঁওতাল ও বাঙালিরা।

আজ বুধবার বিকেলে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রায় ৩০০ জন গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটার মোড়ে অবরোধ করেন। এতে প্রায় আড়াই শ পণ্য এবং যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে।

পুলিশ তাদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনার প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

সম্প্রতি সরকার বাগদা ফার্ম এলাকায় ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সেই কাজ শুরু করেছে। কিন্তু সাঁওতালদের দাবি এই জায়গায় ইপিজেড হলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বাগদা ফার্মের জমিকে স্থানীয় সাঁওতালরা তাদের পূর্বপুরুষদের জমি বলে দাবি করে। এই জমির মালিকানা ফিরে পেতে তারা আন্দোলন করছেন।

এর আগে ২০১৬ সালের ৬ নভেম্বর আন্দোলনরত সাঁওতাল, বাঙালি, রংপুর সুগার মিল কর্তৃপক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৩ জন সাঁওতাল নিহত হয়েছিলেন। সেই থেকে সাঁওতালরা বিচারের দাবিতে আন্দোলন করছেন।

সম্প্রতি ইপিজেড নির্মাণের ঘোষণা আসার পরে সাঁওতালরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে।