মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ে ঈদের দিন রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না: তিতাস

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ে গ্যাস থাকবে না। সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের মানিকগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, সঞ্চালন লাইন মেরামতের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

‌তিতাসের সাভার জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম জানান, ঈদের সময় সবক্ষেত্রে গ্যাসের চাহিদা কম থাকবে। অন্যান্য দিনে সবক্ষেত্রে চাহিদা বেশি থাকে। সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই সঞ্চালন লাইন মেরামতের জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।