সাভারে থেমে থেমে চলছে যানবাহন, যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক, টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড মহাসড়কসহ সাভারে সড়কগুলোতে শনিবার সন্ধ্যার পর থেকে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহনের চাপও বেড়েছে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়কে বিভিন্ন জায়গায় গাড়ি ধীর গতিতে চলছে।

আজ শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, ফুলবাড়িয়া, উলাইল, গেন্ডা, বাজার বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি এলাকায় মহাসড়কে ঈদযাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীর তুলনায় বাস কম থাকায় গাবতলী থেকে ট্রাক, পিক আপ ও মোটরসাইকেলে চড়েও বহু মানুষ বাড়ি ফরছেন।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হাজারো মানুষ বাড়ি ফেরার জন্য রাস্তায় নেমে গেছে। সড়কগুলোর বিভিন্ন জায়গায় থেমে থেমে যানবাহন চলছে। তবে কোথাও দীর্ঘ যানজট তৈরি হয়নি।

আমিনবাজার থেকে চন্দ্রা ও নবীনগর থেকে ধামরাই পর্যন্ত আমাদের ২৫টি টিমে প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন। বিকেলের পর গাড়ির চাপ বেড়েছে। আমরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে আছি, যোগ করেন তিনি।

হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকে উঠছিলেন পোশাক কারখানার শ্রমিক মমিনা আক্তার।

মমিনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মানিকগঞ্জের আরিচার যাব। বাসের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করেও বাস পেলাম না। যাত্রীর তুলনায় সড়কে বাস অনেক কম তাই ট্রাকে করে যাব। বাড়িতো যেতে হবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক ডেইলি স্টারকে বলেন, বিশেষ করে পোশাক শ্রমিকরা বাস রিজার্ভ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। তারা রাতেই যাত্রা শুরু করে। রাতে সড়কে যানবাহনের চাপ বাড়বে।'