সাভারে বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
সাভারে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দা থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আমিন বাজার নৌ পুলিশ পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল ১১টার দিকে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সলমাসী এলাকায় বুড়িগঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি পচতে শুরু করায় শরীরের আঘাতের চিহ্ন রয়েছে কি না বোঝা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।