সারাদিন যানজটে ভোগান্তি, সন্ধ্যার পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা দোতলা এলাকা থেকে শুরু করে ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল। তবে, সন্ধ্যার পরে যানজট কমতে শুরু করে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

আজ বুধবার সকালে চান্দিনার দোতালা এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যান উল্টে এই যানজটের সৃষ্টি হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক।

তিনি জানান, সকালে গাড়ির চাপ স্বাভাবিক থাকলেও কাভার্ডভ্যানটি সরাতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। তবে, সন্ধ্যার পরপরই যানজট কমতে শুরু করে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

যানজটে কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যাত্রীরা নাকাল হয়েছেন।

ঢাকা থেকে ঈদের ছুটিতে চট্টগ্রামের মীরেরসরাই ফিরছিলেন সাব্বির। তিনি বলেন, 'ঢাকা থেকে সকাল ১০টায় পরিবারের সদস্যদের নিয়ে বাসে উঠি। কিন্তু, প্রায় ২ ঘণ্টা ধরে এখানে আটকে আছি।

যাত্রীরা দাবি করেছেন, বেশ কিছুদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেরামত কাজও যানজটের আরেকটি কারণ।

এ বিষয়ে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, 'ঈদের আগে আমরা আর কোনো মেরামত কাজ করব না। সব মেরামত কাজ গতকাল থেকে বন্ধ করা হয়েছে।'