সাড়ে ৪ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রত্যাহার চট্টগ্রাম ওয়াসার এমডির
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ তার মূল বেতন ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রত্যাহার করেছেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় লিখিতভাবে তিনি আগের প্রস্তাব প্রত্যাহার করে নেন।
দ্য ডেইলি স্টারকে এ কে এম ফজলুল্লাহ বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমি বেতন বাড়াতে চাচ্ছি না। করোনার কারণে আর্থিক পরিস্থিতি ভালো নয়। তাই ভেবেছি এখন বেতন বাড়ানোর সঠিক সময় নয়।'
আগে কেন বেতন বাড়ানোর প্রস্তাব করেছিলেন, জানতে চাইলে তিনি বলেন, 'গত ১০ বছরে আমার কোনো ইনক্রিমেন্ট হয়নি। এছাড়া ঢাকা ও খুলনা ওয়াসার এমডির বেতন আমার চেয়ে বেশি। তাই আমি এ প্রস্তাব করেছিলাম।'
এ বছর ২৪ জানুয়ারি ফজলুল্লাহ বেতন বৃদ্ধির জন্য চট্টগ্রাম ওয়াসা বোর্ডে একটি চিঠি পাঠিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওয়াসা বোর্ডের ৬৫তম সভায় এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করা হয়েছিল। কমিটি এখনো কোনো প্রতিবেদন দেয়নি।
ওয়াসা সূত্র জানায়, বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন ও বিশেষ ভাতাসহ সব মিলিয়ে ৩ লাখ ১৭ হাজার টাকা বেতন পান চট্টগ্রাম ওয়াসার এমডি।
