সিলেটে ২ তরুণের দ্বন্দ্বের জেরে সাবেক মেয়র কামরানের বাসায় হামলা
দুই তরুণের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে সিলেট নগরীর মাছিমপুর ও ছড়ারপাড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিলেটের সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসায়ও হামলা করা হয়।
সংঘর্ষে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় সাবেক মেয়রের বাসার জানালার কাঁচ ও গাড়ির কাঁচ ভাঙা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ দিন আগে এলাকার ২ তরুণের মধ্যে দ্বন্দ্বের জেরে দুই এলাকার তরুণদের মধ্যে কথা কাটাকাটি হয়।
বিষয়টি মীমাংসায় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদের মধ্যস্থতায় গত মঙ্গলবার সালিশ বৈঠকও হয়।
এর জের ধরে বুধবার রাতে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায় এবং একপক্ষ সাবেক মেয়রের বাসায় হামলা চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. ইয়াসিন বলেন, 'অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ গুরুতর আহত হয়নি।'
কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু ডেইলি স্টারকে বলেন, 'হামলার সময় আমাদের বাসা, আমার চাচার বাসা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাসায়ও হামলা হয়েছে। আলাদাভাবে আমাদের বাসা লক্ষ্য করে হামলা হয়েছে বলে মনে করছি না।'
সংঘর্ষের পর সিলেটের বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাবেক মেয়র কামরানের বাসায় যান।