সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে উদ্বেগ ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও হতাহতের ঘটনার উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্য।

আজ রোববার এক যুক্ত বিবৃতিতে ছাত্র ঐক্যের নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও যথার্থ ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকায় দাহ্য পদার্থের কারণে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, জীবনহানির ঘটনা ঘটে থাকলেও বিশেষ করে নরসিংদী, পুরান ঢাকার নিমতলী, সাভার, নারায়ণগঞ্জসহ অনেকগুলো ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও মালিকপক্ষের চাপ ও অসহযোগিতায় কোনোটির আজ পর্যন্ত সুরাহা হয়নি। সীতাকুণ্ডের ঘটনায়ও মালিকপক্ষের অসহযোগিতায় চিত্র পাওয়া গেছে। আমরা মনে করি পূর্বের ঘটনাগুলোর উপযুক্ত তদন্ত ও বিচার হলে সীতাকুণ্ডের এই ভয়াবহ ঘটনা নাও ঘটতে পারত। আমরা সীতাকুণ্ডে নিহত সব শ্রমজীবী মানুষদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, আহতদের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ এবং মালিকপক্ষের অসহযোগিতা ও অবহেলার উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন--নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুমমূনীর, রেজাউল করিম শিল্পী, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম প্রমুখ।