বিএম ডিপোর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা দিলো বিদ্যানন্দ
সীতাকুণ্ডের বিএম ডিপো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, 'বিএম ডিপোর অগ্নিকাণ্ডে চট্টগ্রামবাসী মানবতার যে পরিচয় দিয়েছে, তা দেখে আমরা অভিভূত। আমি ব্যক্তিগতভাবে বিদ্যানন্দসহ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।'
ভবিষ্যতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, 'বিদ্যানন্দ আমাদের কাছে একটা রোড মডেল। তারা এতোদিন পরেও আহতদের খোঁজ খবর রেখেছে, এটা সত্যিই প্রশংসনীয়।'
সভাপতির বক্তব্যে বিদ্যানন্দ প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ বলেন, 'এই সহায়তা মানুষ দিয়েছে। আমরা শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি। মানুষ বিদ্যানন্দের উপর আস্থা রাখে। তাই যে দায়িত্ব আমরা পেয়েছি, তা পালন করতে পেরে আমরা এখন চাপমুক্ত অনুভব করছি।'
অনুষ্ঠানে কোনো সহায়তা পাননি এমন ২৮ টি আহত পরিবারকে বিভিন্ন অংকের অনুদান দেওয়া হয়েছে।
সর্বোচ্চ ২ লাখ টাকা থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকার অনুদানসহ সর্বমোট ২৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বিএম ডিপোর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের স্থানীয় ঘর পরিদর্শন ও যাচাই বাছাই করে এই ২৮ টি পরিবারকে অনুদানের জন্য নির্বাচন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এর আগে গত সপ্তাহে বরগুনায় লঞ্চের অগ্নি দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ১৬ লাখ টাকার অনুদান দেয় দেশের অন্যতম আলোচিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।