সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ১৫ ও ১৬ মার্চ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি ও সম্পাদকসহ ১৪টি কার্যনির্বাহী পদের জন্য বার্ষিক নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
এসসিবিএর কার্যনির্বাহী কমিটি আজ মঙ্গলবার এক বৈঠকে নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঠিক করে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এসসিবিএ সচিব মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ৮ হাজারের বেশি আইনজীবী ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, যদিও ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
এসসিবিএ সূত্র জানায়, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে।
তবে তাদের কেউই এখনও প্রার্থী চূড়ান্ত করেনি।