সৈকতে নিখোঁজের ৬ ঘণ্টা পর এনএসআই কর্মকর্তা ও তার ভাগ্নির মরদেহ উদ্ধার
সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার ভাগ্নি নূর আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াৎ হোসেন জানান, আজ বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ঈদের ছুটিতে পরিবারের ৫ সদস্য নিয়ে দুপুর ১২টার দিকে এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের সমুদ্র সৈকতে গোসলে নামেন। হঠাৎ স্রোতের টানে তারা সাগরের অনেকটা গভীরে চলে যান। তাদের মধ্যে ৩ জন তীরে ফিরতে পারলেও মোস্তফা ও তার ভাগ্নি নিখোঁজ থাকেন।
ওসি জানান, দুপুর থেকে ফায়ার ব্রিগেড, স্থানীয় জেলে ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে নূর আক্তার ও পৌনে ৬টার দিকে মোস্তফা কাদেরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, মরদেহ শনাক্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।