স্বচ্ছতা-নিরপেক্ষতার স্বার্থে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা প্রকাশের দাবি টিআইবির

স্টার অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের চূড়ান্ত তালিকা দিচ্ছে তা প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার টিআইবি এক বিবৃতিতে এ দাবি জানায়। এতে বলা হয়, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে আইনের ৪(১) অনুচ্ছেদ মেনেই এই নাম প্রকাশের দাবি জানানো হচ্ছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান কমিটি দফায় দফায় সভা ও বিভিন্নজনের মতামতের ভিত্তিতে যে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে তা প্রকাশের দাবি জানাই। যে আইনি ক্ষমতাবলে অনুসন্ধান কমিটির নিয়োগ- সে আইনে চূড়ান্ত তালিকা প্রকাশে কোনো বাধা নেই। বরং আইনের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে এই তালিকা প্রকাশের দায়িত্ব ও এখতিয়ার কমিটিকে দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাই ও আশা করি, অনুসন্ধান কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবেই রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত ১০ জনের নামের তালিকা প্রকাশের আইনি ক্ষমতা ও সুযোগ গ্রহণ করবেন। এতে দায়িত্ব পালনে তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।'

অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করিয়া দায়িত্ব পালন করিবে- মর্মে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ৪ ধারার ১ উপধারা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, 'অনুসন্ধান কমিটির চূড়ান্ত করা ১০ জনের তালিকা প্রকাশ, আইনে নির্ধারিত স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই বিবেচনায়, অনুসন্ধান কমিটি আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করেছে, জনমনে এমন ধারণা দেওয়ার স্বার্থেই এই তালিকা প্রকাশ করবে- এমনটাই প্রত্যাশা করি। বিশেষ করে, ইতোপূর্বে ব্যক্তিপর্যায়ে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুসন্ধান কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশের যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার ধারাবাহিকতায় নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে, এই তালিকা প্রকাশে জোর দাবি জানাই।'

টিআইবি মনে করে, নির্বাচন কমিশন গঠনে প্রত্যাশিত স্বচ্ছতা দেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। তা নির্ভর করবে, নতুন কমিশনের কর্মক্ষেত্রে বাস্তব নিরপেক্ষতা, সৎসাহস ও দৃঢ়তা এবং নির্বাচনকালীন সরকারের আচরণের পাশাপাশি প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকার ওপর। অনুসন্ধান কমিটির তালিকাটি প্রকাশ করা হলে কমিটি তার দায়িত্ব পালনে আইনসম্মতভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করতে পেরেছে এটুকু বিবেচনায়, তা জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।'