স্বাধীনতাবিরোধী শক্তি খাদ্যের দাম নিয়ে গুজব ছড়াচ্ছে: কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'বিএনপি জোট, তথাকথিত সুশীল সমাজ ও স্বাধীনতাবিরোধী শক্তি খাদ্যদ্রব্যের দাম নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা নেওয়ার অপচেষ্টা করছে।'

আজ শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ।

নিত্যপণ্যের দাম নিয়ে বিএনপির আন্দোলন, অনশন করা শোভা পায় না মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, 'বরং তাদের (বিএনপি) লজ্জা পাওয়া উচিত। পত্র-পত্রিকা ও রেকর্ড থেকে প্রমাণ দিয়ে বলতে পারি, তাদের শাসনামলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে প্রতিবছর মঙ্গা হয়েছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন মানুষ না খেয়ে থেকেছে। তাদের হাড্ডিসার পাণ্ডুর চেহারা আমরা দেখেছি।

তিনি আরও বলেন, 'বিএনপি জোটের আমলে আশ্বিন-কার্তিক মাসে প্রায় প্রতিদিনই মানুষ না খেয়ে মারা গেছে। অন্যদিকে গত ১৩ বছরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন মানুষও  না খেয়ে মারা যায়নি।'

এ ছাড়া দেশে খাদ্য নিয়ে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য অনশন, মানববন্ধন বা হরতাল করতে হবে– এমন মন্তব্য করে তিনি আরও বলেন, 'ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সম্প্রতি কিছু কিছু নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু খাদ্যের কোন সংকট নেই।'