স্বাধীনতা দিবসে মাদকমুক্তদের মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

মাদকমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের মিলনমেলা বসেছে গাজীপুরের গজারিয়াপাড়া এলাকার আহছানিয়া মিশন মাদকাসক্তি পুনর্বাসন ও চিকিৎসা কেন্দ্রে। মাদকমুক্তির অনুপ্রেরণা হতে প্রায় ৪ শ মানুষ স্বাধীনতা দিবসে এই আয়োজনে অংশ নিয়েছেন।

মিলনমেলার উদ্দেশ্য ব্যাখ্যা করে আয়োজকরা জানান, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার উৎসাহ দিতে এই আয়োজন। এছাড়া, মাদকের ওপর নির্ভরশীলদের প্রতি সমাজে নেতিবাচক মনোভাব আছে। এই মনোভাব পরিবর্তন ঘটানোও মিলনমেলার অন্যতম উদ্দেশ্য।

মাদকমুক্ত হয়ে পেশাজীবনে প্রবেশ করেছেন এমন বেশ কয়েকজন অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এদের একজন নুজহাত ইসলাম সুভা জানান, তিনি ৫ বছর আগে মাদকমুক্ত হয়ে এখন তার শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছেন।

মো. নাসির উদ্দিন ৬ বছর আগে আহছানিয়া মিশন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তিনি বলেন, এ কেন্দ্র শারীরিক বা মানসিক নির্যাতন করা হয় না। মানসিক প্রণোদনা আর নিজের মধ্যে সম্ভাবনাকে চিহ্নিত করার মাধ্যমে মাদকাসক্তি থেকে সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করা হয়।

অভিভাবক রোজিনা সুলতানা বলেন, তার মেয়ে আহছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে মাদকমুক্ত জীবন যাপন করছে।

ড. আব্দুর রহমান বলেন, আমাদের চোখের জল শুকাতো না। মাদকমুক্ত হয়ে আমার ছেলে এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে।

মনোরোগ চিকিৎসক মো. আক্তারুজ্জামান সেলিম বলেন, 'আমার মাদক থেকে দূরে থাকার ৩১ বছর চলছে। মাদকমুক্তির ২৫ বছরে কেক কাটার যে আনন্দ উৎসব করেছি তা আমার জীবনের অন্যতম খুশির ঘটনা। আমার উদাহরণ মাদক ছাড়তে মানুষকে উদ্বুদ্ধ করবে।'

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, দিনটি উপলক্ষে মাদকমুক্তদের উৎসাহ দিতে অধিদপ্তরের পক্ষ থেকে একটি করে টি শার্ট, চকোলেট ও ফুল উপহার দেওয়া হয়েছে।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ বিভাগের পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি ইকবাল মাসুদ জানান, তাদের কেন্দ্রে মোট ৪,১২৫ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১,৩৬৯ জন স্বাভাবিক জীবন-যাপন করছেন।