স্মার্ট গ্রিড অবকাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের ১৩ কোটি টাকা অনুদান

স্টার অনলাইন রিপোর্ট

দেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরও বেশি ব্যয় কমিয়ে অভিঘাত সহনশীল করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলকে ১২ কোটি ৯০ লাখ টাকার (১.৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা হিসেবে অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্মার্ট গ্রিড অবকাঠামো গড়ে তোলার লক্ষে এই অনুদান দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

'ইউএসটিডিএ-এর এই অনুদান আমরা যে ধরনের জলবায়ু-স্মার্ট অবকাঠামো প্রকল্পগুলোকে সহায়তা করতে চাই, তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ', বলে উল্লেখ করেছেন ইউএসটিডিএ-এর ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি। 

তিনি বলেছেন, 'এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানী ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে, ফলে বৈদ্যুতিক গ্রিড আরও দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএসটিডিএ'র সহায়তায় স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী ১০ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটসভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।

একটি স্মার্ট গ্রিড দিয়ে আনা দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি আমাদের আরও দক্ষতার সঙ্গে শক্তি তৈরি এবং ব্যবহার করার সুযোগ করে দেবে। তাই একটি স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা একটি অবকাঠামোগত উন্নয়নের মতোই সমান গুরুত্বপূর্ণ। এটি যেকোনো সেতু বা ফ্লাইওভারের মতোই তাৎপর্যপূর্ণ' বলে উল্লেখ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জলবায়ু-স্মার্ট অবকাঠামোর লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে ইউএসটিডিএ-এর বৈশ্বিক অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে যা উদীয়মান বাজারে ক্লিন বা পরিচ্ছন্ন পরিবহন ও জ্বালানী অবকাঠামো প্রকল্পগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের শিল্পকে সংযুক্ত করবে।