হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে আইভীর অনুরোধ ত্বকী হত্যার বিচার করুন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার করার জন্য হাতজোড় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কের মুক্ত মঞ্চে ত্বকী হত্যার নবম বার্ষিকী স্মরণে এক সমাবেশে তিনি এ অনুরোধ জানান।

আইভী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ, আপনি অনেক কাজের দৃষ্টান্ত রেখেছেন। আপনি অনেক বিচক্ষণ। আপনি জানেন, কাকে কখন কীভাবে কী করতে হবে। দয়া করে আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি আমাদের সন্তানের হত্যার বিচার করুন। যতদ্রুত সম্ভব বিচার করুন।'

আইভী বলেন, '৯ বছর ধরে আমরা ত্বকী হত্যার বিচার চেয়ে যাচ্ছি। কোনো এক অজানা কারণে ত্বকী হত্যার বিচার হচ্ছে না। নির্মম ও নিষ্ঠুরভাবে আমাদের বাচ্চাকে কেড়ে নেওয়া হয়েছে। এতো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিন্তু ত্বকী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না।'

তিনি বলেন, 'যেখানে র‌্যাব তদন্ত করল, সেই তদন্তের খসড়া রিপোর্টেও অনেকের নাম বেড়িয়ে এলো। সেটাই মনে হয় কাল হয়ে দাঁড়িয়েছে।  প্রভাবশালী ব্যক্তিরা, ব্যক্তির সন্তানেরা ও আত্মীয়-স্বজনেরা মিলে ত্বকীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কেন করেছে? ত্বকীর বাবা প্রতিবাদ করেছিল। সাধারণ মানুষের জন্য, বাস ভাড়া কমানোর জন্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে মানুষের জন্য কথা বলেছে। সেই কথা যেন বলতে না পারে সেই কণ্ঠকে রোধ করার জন্য তার সন্তানকে হত্যা করে ভয় দেখানোর জন্য, পুরো নারায়ণগঞ্জকে ভীত করার জন্য, নারায়ণগঞ্জের মানুষ যেন সাহস করে কথা বলতে না পারে এজন্য হত্যা করা হয়েছে। তারা কোনদিন স্বপ্নেও ভাবেনি এইভাবে মানুষ প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলবে।'

আইভী বলেন, 'ব্যবসায়ী আশিক হত্যার খুনি শহর দাবড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন তাদের চোখে দেখে না। তদ্রুপভাবে ত্বকী হত্যাকারীদেরও চোখে দেখে না। নাকের ডগার উপর দিয়ে শত শত "হোন্ডা বাহিনী" নিয়ে পত্রিকা অফিসে আক্রমণ করে, তারপরও প্রশাসন তাদের দেখে না। তাদের বিচার হয় না। কেন হয় না? ওই যে এই শহরের সবচেয়ে বড় বিখ্যাত ফ্যামিলি (পরিবার) যারা কথায় কথায় বলে তাদের মতো ধনী সম্প্রদায় নারায়ণগঞ্জ শহরে নাকি নাই। তো ধনী হলো কোত্থেকে? যিনি তোলারাম কলেজে টাকার জন্য ফরম ফিলাম করতে পারে নাই। আজকে উনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের দিকে চোখ তুলে বাড়ি করলো কীভাবে। বাবার জায়গা বিক্রি করে বাড়ি করেছি। আপনার মতো চুরি করে নয়, দুর্নীতি করে নয়। তাদের কার্গো জাহাজ প্রায় ১৬-১৭ টা, এই কার্গোর মালিক উনি রাতারাতি কীভাবে হলেন। কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। সেই তথ্য নারায়ণগঞ্জবাসী জানতে চায়।'

আইভী বলেন, 'মিথ্যাচার বন্ধ করুন। আপনার দিন শেষ। আপনার এই মিথ্যাবাদিতা, আপনার এই হঠকারিতা, আপনার এই নাটক আমরা সবাই জানি। ত্বকী হত্যার বিচার চেয়েছেন আপনি। আপনি জানেন কারা হত্যা করেছে। হত্যাকারী আপনার ঘরের। সৎ সাহস থাকলে সেই হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন আমি বুঝবো আপনি কত বড় নেতা এই বাংলাদেশে। সুতরাং ভয় নারায়ণগঞ্জবাসীকে দেখাবেন না। আমি আগেও বলেছি শহরের কেউ আপনাকে ভয় পায় না, একজন পথচারীও আপনাকে ভয় পায় না। সাহস থাকলে আসেন। এই এক লক্ষ, দুই লক্ষ লোকের কাহিনী আর আমাদের বলবেন না। এক আইভীকে ঠেক দিতে পারেন না, লাখ লাখ লোক কোত্থেকে ঠেক দেবেন। একজন নারী আমি, আমাকেই নিয়েই সর্বক্ষণ ভয়ে থাকেন। সব সময় আপনার মাথার মধ্যে কিলবিল করতে থাকে আইভী কি করলো। তা না করে নারায়ণগঞ্জের মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করলে বহু মানুষ উপকৃত হতো। এই নারায়ণগঞ্জের নারীরা আপনাকে ভয় পায় না, তারা অত্যন্ত সাহসী। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।'

সমাবেশে উপস্থিত ছিলেন নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, সদস্য সচিব ও কবি সাহিত্যিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আইনজীবী মাহবুবুর রহমান মাসুম, শিল্পী অশোক কর্মকার, শিল্পী জাহিদ মোস্তফা প্রমুখ।