সাভার

হাফ ভাড়া দেওয়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারে হাফ ভাড়া দেওয়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এনে বিচারের দাবিতে থানায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ওয়েলকাম পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাভার থানাস্ট্যান্ড এলাকায় প্রায় ৮টি ওয়েলকাম বাস আটক করে এবং সাভার মডেল থানায় অবস্থান নেয়।

মারধরের শিকার ইউনুস কবির সেলিম (১৮) সাভার সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইউনুস কবির সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ২ জন আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে সাভার থানাস্ট্যান্ডের উদ্দেশ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। থানাস্ট্যান্ডের একটু আগে বাসের কন্ডাক্টর ভাড়া চাইলে আমরা হাফ ভাড়া ২২ টাকার পরিবর্তে ৩০ টাকা দেই। শিক্ষার্থী পরিচয় দিলেও কন্ডাক্টর আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করেন।'

এ সময় গাড়ির গ্লাসে ধাক্কা লেগে তার হাত কেটে যায় বলে জানান তিনি।

ওই শিক্ষার্থী জানান, তার সহপাঠীরা এ ঘটনা জানতে পেরে সড়কে অবস্থান নিয়ে ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটক করে।

'এখন আমরা বিচারের দাবিতে থানায় অবস্থান নিয়েছি। আমরা ওই কন্ডাক্টর ও গাড়ির চালকের বিচার চাই,' বলেন তিনি।

জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাশ ডেইলি স্টারকে বলেন, বিষয়টি জানার পর ২ পক্ষকে নিয়ে বসা হয়েছে। 

বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।