১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম সুপারিশ করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়।

গত ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম প্রকাশ করেছিল সার্চ কমিটি। গত রোববার কমিটি বৈঠক করে ১২-১৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে। এই তালিকা থেকে রাষ্ট্রপতির কাছে কোন ১০ জনের নাম পাঠানো হবে তা আজকের বৈঠকে ঠিক হবে।

তবে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে নাম প্রকাশের দাবি উঠলেও অনুসন্ধান কমিটি নাম না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে ১০ জনের নাম সুপারিশ করতে হবে। এই ১৫ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি শেষ হবে।