১২ ঘণ্টা পর দিনাজপুরে বাস-অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

প্রায় ১২ ঘণ্টা ধর্মঘট প্রত্যাহার করেছেন দিনাজপুরের পরিবহন শ্রমিক ও অ্যাম্বুলেন্স চালকরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর পরিবহন শ্রমিক ইউনিটের সভাপতি ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবিতে আজ সকালে এ ধর্মঘট শুরু হয়েছিল।

শ্রমিক নেতা ফজলে রাব্বি জানান, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টা থেকে বাস চলতে শুরু করে।

গতকাল আটক হওয়া সবাই ছাড়া পেয়েছেন এবং ঈদের পর মামলার নিষ্পত্তি হবে বলে জানান তিনি।

দিনাজপুর সদর সার্কেলের অ্যাডিশনাল পুলিশ সুপার সুজন সরকারও বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল থেকে ঢাকাসহ কোনো রুটেই ছেড়ে যায়নি কোনো বাস। রোগী পরিবহণ করেনি কোনো অ্যাম্বুলেন্স।

বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা দিনাজপুর-রংপুর মহাসড়ক এবং দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কসহ বিভিন্ন সড়কে তাদের বাস রেখে সড়ক অবরোধ করায় সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়।

পরিবহন শ্রমিক ও অ্যাম্বুলেন্স চালকদের নেতারা জানান, গতকাল দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টেড অ্যাম্বুলেন্সটি মরদেহ বহনে ব্যবহার করা হলে বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর পুলিশ অ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি মো. আজাদসহ ৭ জনকে আটক করে।