বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগ
টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া মানুষ।
নগরের কাতালগঞ্জ, বাদুরতলা, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে চট্টগ্রামে একটানা বৃষ্টি হচ্ছে। বুধবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, 'মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'
এদিকে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
বাদুরতলা এলাকার বাসিন্দা সরওয়ার কামাল বলেন, বৃষ্টির পানি ঘরে ঢুকে গেছে। গত এক দশক ধরে জলাবদ্ধতার সমস্যায় আছি। কোনো সমাধান হচ্ছে না।
নগরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত বেসরকারি মা ও শিশু হাসপাতালের নিচ তলায়ও পানি ঢুকে গেছে। ফলে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।
দেশের বৃহৎ ভোগপণ্যের বাজার খাতুনগঞ্জেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী তাহসান আহমেদ বলেন, 'বৃষ্টির পানি দোকানে ঢুকে মূল্যবান পণ্য নষ্ট হয়েছে।'
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে দুইটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নগরবাসী এখনও সুফল পাচ্ছেন না বলে জানিয়েছেন সিডিএর কর্মকর্তারা।