১ হাজার বৃত্তির সুযোগ: ওয়েবসাইট চালু করল ভারতীয় হাইকমিশন

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক হাজার শিক্ষার্থী ও কর্মকর্তাদের বৃত্তির জন্য একটি ওয়েবসাইট চালু করেছে ভারতীয় হাইকমিশন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের একটি উদ্যোগ হিসেবে ২০২১ সালের  ২৬-২৭ মার্চ ঢাকা সফরে এসে বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য এক হাজার সুবর্ণ জয়ন্তী বৃত্তি (আইসিসিআর: ৫০০ আসন, আইটিইসি: ৫০০ আসন) ঘোষণা করেছিলেন। এর জন্য একটি নিবেদিত ওয়েব পোর্টাল: https://www.sjsdhaka.gov.in/ বৃহস্পতিবার চালু করে ভারতীয় হাইকমিশন। ওয়েবসাইটটি আবেদনকারীদের আইসিসিআর ও আইটিইসি উভয় সাইটেই পথ নির্দেশনা দেবে।

ভারতীয় হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের আইআইটি, এনআইটি, নালসার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারী প্রতিষ্ঠানে প্রকৌশল, বিজ্ঞান, কলা, আইন, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে ২৬৭টি আইসিসিআর বৃত্তি পেয়েছিলেন। মহামারির কারণে কোনো সরাসরি কোর্স অনুষ্ঠিত না হওয়ায় ২৮৫ জন বাংলাদেশি পেশাজীবী ২০২১-২২ অর্থবছরে ই-আইটিইসি কোর্সের জন্য নথিভুক্ত করেছে।