২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরিস্থিতি অনেক ভালো। তাই আগামী একুশে ফেব্রুয়ারি পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। 

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ গড়পাড়া শুভ্র সেন্টারে স্থানীয় চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে এক ঘরোয়া আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, 'বিশ্বের সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মাদ্রাসার আরও ৪০ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোনো শিক্ষার্থীর সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।'

মন্ত্রী আরও বলেন, 'আক্রান্তের হার কমলেও মৃত্যুর হার এখনো কমেনি। তাই সবাইকে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে এ পর্যন্ত প্রায় ৮৬ ভাগ জনগণকে টিকার আওতায় আনা হয়েছে।'