২৫ পেরোনো সংবাদপত্রগুলোকে সম্মাননা দিলো নোয়াব
দেশে ২৫ বছরের বেশি সময় ধরে প্রকাশনা অব্যাহত রেখেছে এমন সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
নোয়াব জানিয়েছে, নানা চড়াই-উতরাই পেরিয়ে অন্তত ২৫ বছর প্রকাশনা অব্যাহত রাখা দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদী, পূর্বাঞ্চল, করোতোয়া, পূর্বকোণ, ইনকিলাব, ভোরের কাগজ, জনকণ্ঠ, দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের সংবাদপত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০১৫ সালে বাণিজ্য সংগঠন হিসেবে নিবন্ধিত হয় নোয়াব। এরপর থেকে সদস্য পত্রিকাগুলোর কর্তৃপক্ষের অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের সংবাদপত্রের প্রতিনিধিত্বমূলক সংগঠনে পরিণত হয়।