২৫ পেরোনো সংবাদপত্রগুলোকে সম্মাননা দেবে নোয়াব

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ২৫ বছরের বেশি সময় ধরে প্রকাশনা অব্যাহত রেখেছে এমন সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা দেবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নোয়াব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানটি আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। 

নোয়াব আরও জানিয়েছে, নানা চড়াই-উতরাই পেরিয়ে অন্তত ২৫ বছর প্রকাশনা অব্যাহত রাখা দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদী, পূর্বাঞ্চল, করোতোয়া, পূর্বকোণ, ইনকিলাব, ভোরের কাগজ, জনকণ্ঠ, দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে এ সম্মাননা দেওয়া হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

অনুষ্ঠানে নোয়াব সদস্য, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি-লেখক, রাষ্ট্রদূত, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নোয়াব।

২০০৪ সালে যাত্রা করে দেশের সংবাদপত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০১৫ সালে বাণিজ্য সংগঠন হিসেবে নিবন্ধিত হয় নোয়াব। এরপর থেকে সদস্য পত্রিকাগুলোর কর্তৃপক্ষের অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের সংবাদপত্রের প্রতিনিধিত্বমূলক সংগঠনে পরিণত হয়।